| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় : মার্কিন নৌবাহিনী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১০:২৯:১১:পূর্বাহ্ন  |  ৩৬৬৩৬৬ বার পঠিত
হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় : মার্কিন নৌবাহিনী
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : বর্তমানে হামলার ঝুঁকি খুব বেশি হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব না বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এরই মধ্যে তারা বেশ কয়েকটি জাহাজের নিয়মিত অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।

নৌবাহিনীর এই মূল্যায়ন মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা তৈরি করছে। একই সঙ্গে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্নতা তৈরি করেছে। ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে নিয়মিত জাহাজ চলাচল পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এসকর্ট দিতে প্রস্তুত।

এক সপ্তাহেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সরু এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।

গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রণালিটি এখন বন্ধ রয়েছে ও কোনো জাহাজ সেখানে দিয়ে যাওয়ার চেষ্টা করলে ইরান গুলি চালাবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।

বিষয়টির সঙ্গে পরিচিত শিপিং শিল্পের তিনটি সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে শিপিং ও তেল শিল্পের প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিং করছে। তবে এসব বৈঠকে তারা জানিয়েছে, আপাতত জাহাজকে সামরিক নিরাপত্তা দিয়ে প্রণালি পার করানোর সক্ষমতা তাদের নেই।

পরিস্থিতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো জানায়, এসব বৈঠকে শিপিং শিল্পের প্রতিনিধিরা প্রায় প্রতিদিনই নৌবাহিনীর কাছে প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সামরিক নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

সূত্রগুলোর একজন জানান, মঙ্গলবারের ব্রিফিংয়েও নৌবাহিনীর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তারা বলেছে, হামলার ঝুঁকি কমে এলে তবেই এ ধরনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে মন্তব্যের জন্য পেন্টাগনের কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির মধ্যদিয়ে তেলবাহী জাহাজকে সামরিক নিরাপত্তা দিয়ে পার করাতে প্রস্তুত। সূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪/এন এইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪