আশিস গুপ্ত, নতুন দিল্লি
আজ বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক-অফের কিছুক্ষণ পরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এই বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। এই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।অনলাইন ফ্লাইট ট্র্যাকার অনুসারে, ফ্লাইটটি ছিল এয়ার ইন্ডিয়া ১৭১, যা দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটোইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন) দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে।
ডিজিসিএ জানিয়েছে, “ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল একজন এলটিসি, যার ৮২০০ ঘণ্টা উড়ানোর অভিজ্ঞতা রয়েছে। সহ-পাইলটের ১১০০ ঘণ্টা উড়ানোর অভিজ্ঞতা ছিল। এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) অনুসারে, বিমানটি ১৩:৩৯ আইএসটি (০৮:০৯ ইউটিসি) সময়ে আহমেদাবাদ থেকে রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে। এটি এটিসি-কে একটি MAYDAY কল দেয়, কিন্তু এরপর এটিসি-এর করা কলে বিমান থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। রানওয়ে ২৩ থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে মাটিতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে প্রচুর কালো ধোঁয়া উঠতে দেখা যায়।”
রিপোর্টার্স২৪/ঝুম/এম