| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুয়া ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৫:০৭:৪০:অপরাহ্ন  |  ৩৩৭০০৩ বার পঠিত
ভুয়া ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

গ্রেপ্তার হওয়া অন্যরা ইরান, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, মিশর, নেপাল, ক্যামেরুন ও ভারতের নাগরিক। চলমান পরিস্থিতিতে অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন কন্টেন্ট নিয়ে তদন্তের পর তাদের দ্রুত বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত নজরদারির ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু অসাধু চক্র বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং জাতীয় নিরাপত্তা, শৃঙ্খলা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছিল।

তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা এমন কিছু ভিডিও প্রকাশ করেছে যেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করছে,এমন বাস্তব ফুটেজ ব্যবহার করা হয়েছে। অন্য কিছু ভিডিওতে মাটিতে পড়ে থাকা প্রজেক্টাইল কিংবা উৎসুক জনতার ভিড় দেখানো হয়েছে।

এ ছাড়া সন্দেহভাজনরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা বানোয়াট ভিডিওও ছড়িয়ে দিয়েছে। এসব ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ, হামলা ও ভয়াবহ অগ্নিকাণ্ডের মিথ্যা দৃশ্য তুলে ধরা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু ভিডিওতে শিশুদের আবেগকে ব্যবহার করে মিথ্যা নিরাপত্তা হুমকির চিত্র দেখানো হয়েছে। আবার কিছু ভিডিওতে দেশের অভ্যন্তরে সামরিক স্থাপনা ধ্বংসের ভুয়া দাবি করা হয়েছে অথবা বিদেশের কোনো ঘটনাকে আমিরাতের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, এসব কন্টেন্টের উদ্দেশ্য ছিল জনমতকে বিভ্রান্ত করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া।

এ ঘটনায় হামাদ সাইফ আল শামসি, সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এর শাস্তি হিসেবে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো, জননিরাপত্তা বিঘ্নিত করা, আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এসব কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ড. আল শামসি আরও বলেন, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমন কোনো কাজে সাইবার স্পেস বা আধুনিক প্রযুক্তির অপব্যবহার সহ্য করা হবে না।

তিনি সতর্ক করে বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত সংবেদনশীল ভিডিও বা তথ্য প্রকাশ করা কিংবা এমন কোনো ফুটেজ ছড়িয়ে দেওয়া যা প্রতিরক্ষা সক্ষমতা ফাঁস করে দিতে পারে, এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪