রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার (১৫ মার্চ) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে খুঁজে বের করে হত্যা করার অঙ্গীকার করেছে। আইআরজিসির বিবৃতিতে নেতানিয়াহুকে সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই ঘোষণা এসেছে। আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজে বলা হয়েছে, “যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন, আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে তাড়া করে হত্যা করব।”
সাম্প্রতিক দিনে নেতানিয়াহু জনসমক্ষে দেখা যাচ্ছেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা তৈরি হয়েছে। গত ১২ মার্চ তার অফিস থেকে প্রকাশিত ভিডিওতে তার হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ার বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদিত হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরে জানা গেছে, প্রকৃতপক্ষে আঙুলের সংখ্যা পাঁচটি, ক্যামেরা ও আলোর কারণে ভ্রমের সৃষ্টি হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান হামলার পর নেতানিয়াহুর প্রথম সংবাদ সম্মেলনে তিনি মোজতবা খামেনি-কে হত্যা করার পরোক্ষ হুমকি দিয়েছিলেন এবং ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষে মন্তব্য করেছিলেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর হুমকির পর স্বীকার করেছে, নেতানিয়াহু নিরাপদ আছেন। তুরস্ক বার্তা সংস্থা আনাদোলু-কে তারা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর ‘ভুয়া’।
এদিকে, নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৯ মার্চের পর থেকে কোনো পোস্ট দেননি। এ এক্স প্ল্যাটফর্মে তার প্রায় ২ লাখ ৮৪ হাজার ফলোয়ার রয়েছে।
সূত্র: এএফপি।
রিপোর্টার্স২৪/আরকে