আশিস গুপ্ত, নয়া দিল্লি : ভারতের আহমেদাবাদে একটি লন্ডনগামী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফ্লাইটটিতে ১৬৯জন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানানো হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
স্টার্মার বলেন, অনেক ব্রিটিশ নাগরিক বহনকারী একটি লন্ডনগামী বিমান ভারতীয় শহর আহমেদাবাদে বিধ্বস্ত হওয়ার দৃশ্য খুবই মর্মান্তিক।” তিনি ফ্লাইটে আরোহী যাত্রীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “পরিস্থিতি যেমন পরিবর্তিত হচ্ছে, আমি নিয়মিত আপডেট পাচ্ছি, এবং এই গভীর উদ্বেগজনক সময়ে আমার ভাবনাগুলি যাত্রী এবং তাদের পরিবারের সাথে রয়েছে।”
বিমান বিধ্বস্তের কারণ এখনো স্পষ্ট নয়। ভারতীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
এই ঘটনায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশ-বিদেশে বহু মানুষ এই ট্র্যাজেডির দ্রুত সমাধান এবং আরোহীদের সুস্থতা কামনা করছেন।
রিপোর্টার্স২৪/আরএইচ