রিপোর্টার্স২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী আবুধাবিসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (১৫ মার্চ) দেশটির অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসির নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।
কর্তৃপক্ষ জানায়, তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত সংক্রান্ত ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, কয়েক দিন ধরে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া নজরদারির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব কনটেন্ট প্রচার করা হচ্ছিল।
আইন অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড সংযুক্ত আরব আমিরাতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। দোষী সাব্যস্ত হলে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
ড. হামাদ সাইফ আল শামসি বলেন, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন বানোয়াট তথ্য ও কৃত্রিম কনটেন্ট ছড়ানো ঠেকাতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমে যুক্ত ছিলেন। প্রথম গ্রুপের সদস্যরা দেশের আকাশসীমা দিয়ে ক্ষেপণাস্ত্র অতিক্রম করা বা প্রতিহত করার প্রকৃত ভিডিও শেয়ার করে তাতে এমন মন্তব্য যুক্ত করেছেন যা জনমনে ভয় ও উদ্বেগ সৃষ্টি করতে পারে।
দ্বিতীয় গ্রুপের সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানোয়াট ভিডিও তৈরি করেছেন অথবা অন্য দেশের ঘটনার ফুটেজকে সংযুক্ত আরব আমিরাতের ঘটনা হিসেবে প্রচার করেছেন। এসব ভিডিওকে বাস্তব বলে বিশ্বাসযোগ্য করতে বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে জাতীয় পতাকা বা নির্দিষ্ট তারিখ সংযুক্ত করা হয়েছিল।
তৃতীয় গ্রুপে রয়েছেন তারা, যারা তাদের পোস্টে একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্রের প্রশংসা করেছেন এবং সেই দেশের আঞ্চলিক সামরিক পদক্ষেপকে ‘সাফল্য’ হিসেবে তুলে ধরেছেন। এ গ্রুপে গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/আরকে