রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
রোববার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মাম শহরে যাবে। সেখান থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, ফ্লাইটে আসন বরাদ্দ সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে এবং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আসন সংরক্ষণ করা হবে।
প্রতি আসনের সম্ভাব্য ভাড়া ধরা হয়েছে প্রায় ৩০০ বাহরাইনি দিনার। এই ভাড়ার মধ্যে বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও অন্তর্ভুক্ত থাকবে।
দূতাবাস সূত্রে জানা গেছে, বিশেষ ফ্লাইটটির সম্ভাব্য যাত্রার তারিখ আগামী ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো দিন নির্ধারণ করা হতে পারে।
আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
রিপোর্টার্স২৪/আরকে