| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিত্ররা সহযোগিতা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘অন্ধকার’: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৩:৩৯:২৪:অপরাহ্ন  |  ৩০৬৬৫৯ বার পঠিত
মিত্ররা সহযোগিতা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘অন্ধকার’: ট্রাম্প
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে মিত্ররা যথাযথ সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্রিয় ভূমিকা থাকা জরুরি।

ন্যাটোর কার্যক্রমকে ‘একমুখী রাস্তা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মিত্রদের পাশে দাঁড়ালেও প্রয়োজনের সময় তারা সবসময় একইভাবে সহযোগিতা করে না।

সাক্ষাৎকারে তিনি ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে হাজার মাইল দূরে হলেও যুক্তরাষ্ট্র সেখানে ব্যাপক সহায়তা দিয়েছে, যদিও সেটি তাদের জন্য বাধ্যতামূলক ছিল না।

ইরানের সামরিক সক্ষমতা মোকাবিলার এই লড়াইয়ে মিত্ররা একই ধরনের সহযোগিতা দেবে কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। মিত্রদের কাছ থেকে কী ধরনের সহায়তা প্রত্যাশা করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সব ধরনের সহায়তাই দিতে হবে এবং এতে কোনো শর্ত থাকা উচিত নয়।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্যের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শুরুর সময় ব্রিটেনকে সহায়তার আহ্বান জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। পরে মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা অনেকাংশে দুর্বল করার পর যুক্তরাজ্য দুটি জাহাজ পাঠানোর প্রস্তাব দেয়।

ট্রাম্পের মতে, যুদ্ধের আগে সহায়তা প্রয়োজন ছিল, পরে নয়। মিত্রদের এমন বিলম্বিত প্রতিক্রিয়া ন্যাটোর কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চীনের ওপর চাপ সৃষ্টির কথাও উল্লেখ করেন ট্রাম্প। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক পিছিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ থেকে যেসব দেশ সবচেয়ে বেশি সুবিধা পায়, তাদেরই এর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অস্থিরতার ইঙ্গিত দিতে পারে।

সূত্র: ফিনান্সিয়াল টাইমস

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪