রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে আহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
সোমবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড এ তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, আহতদের বড় অংশই সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের মধ্যে প্রায় ১৮০ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। তবে অন্তত ১০ জন সেনার অবস্থা গুরুতর।
সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে, আহত সেনারা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরায়েলের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে আহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এবং ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। সংঘাত শুরুর পর থেকে এসব হামলায় এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
এদিকে, মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র প্রায় এক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সেন্ট্রাল কমান্ড জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি কেসি-১৩৫ রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
অন্যদিকে, গত ১ মার্চ যুদ্ধ শুরুর পরপরই ‘ফ্রেন্ডলি ফায়ার’ ঘটনার শিকার হয় মার্কিন বাহিনী। সে সময় ভুলবশত কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয় বলে জানিয়েছিল সেন্ট্রাল কমান্ড।
চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের অভিমত।
রিপোর্টার্স২৪/আরকে