| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের পাল্টা আঘাত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৫:০৫:১৬:অপরাহ্ন  |  ২৯২১২০ বার পঠিত
লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের পাল্টা আঘাত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৮ মার্চ) দুবাই ও তেল আবিব থেকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরান জানিয়েছে,ইসরায়েলের হামলায় তাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হলেও এতে দেশটির কার্যক্রম ব্যাহত হবে না। দ্রুতই শূন্য পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসলামিক প্রজাতন্ত্র একটি শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা, যা কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, শীর্ষ কর্মকর্তাদের মৃত্যু রাষ্ট্র পরিচালনায় কোনো বিঘ্ন ঘটাবে না, সরকার স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাবে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেল আবিবে হামলায় খোররামশাহর-৪ ও কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলোতে একাধিক ওয়ারহেড বহন করার সক্ষমতা রয়েছে। ইসরায়েলের দাবি, এসব ক্লাস্টার ওয়ারহেড আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বিস্ফোরকে বিভক্ত হয় এবং বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে এগুলো প্রতিহত করা কঠিন।

চলমান সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, খামেনি বলেছেন,যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজয় স্বীকার এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত শান্তির সময় আসেনি।

অন্যদিকে, ইসরায়েল লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। বুধবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈরুতের দক্ষিণ উপশহরেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে ৯০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় এলাকায় শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে। ওই এলাকায় ইরানের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করা হয়েছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বর্তমানে অচলাবস্থায় রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৪৫ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ন্যাটো জোটের অধিকাংশ মিত্র দেশ এ সংঘাতে যুক্ত হতে অনীহা প্রকাশ করেছে, যা তিনি “ভুল সিদ্ধান্ত” বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না।

এ সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি, তেল স্থাপনা, বন্দর ও আবাসিক এলাকায় দুই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলেছে, এই যুদ্ধ ১৯৭০-এর দশকের পর সবচেয়ে বড় তেল সংকট তৈরি করেছে। একই সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, যুদ্ধ জুন পর্যন্ত অব্যাহত থাকলে কোটি কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে।

বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতেও এর প্রভাব পড়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেক ফ্লাইট বাতিল, পুনঃনির্ধারণ বা বিকল্প পথে পরিচালিত হচ্ছে।মধ্যপ্রাচ্যের আকাশসীমা জুড়ে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪