আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।বৃহস্পতিবার ইরানের বিচার বিভাগীয় সংবাদসংস্থা মিজান-এর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিচার বিভাগ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা এবং ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ (মোহরেবে) করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগও আনা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনটি পরবর্তীতে সরকারবিরোধী দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়।যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর তথ্য অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ৬ হাজার ৪৮৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সংস্থাটি আরও জানায়, নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের পরও এখনো প্রায় ১১ হাজার ৭৪৪টি মামলা পর্যালোচনাধীন রয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি