| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ২০:১১:১৮:অপরাহ্ন  |  ২৭৭৩০০ বার পঠিত
ইরানি  তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানো এবং তেলের দাম কমানোর লক্ষ্যে সমুদ্রে ভাসমান ট্যাংকারে আটকে থাকা ইরানি তেলের ওপর থেকে শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র;এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বৃহস্পতিবার ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই পানিতে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এর পরিমাণ প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল।

তিনি আরও জানান, হিসাবভেদে এই তেল বৈশ্বিক বাজারে ১০ দিন থেকে দুই সপ্তাহের সরবরাহের সমান। এই অতিরিক্ত সরবরাহ তেলের দাম কম রাখতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।

গত দুই সপ্তাহ ধরে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের ওপরে অবস্থান করছে। এর পেছনে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ট্যাংকারে হামলার ঘটনাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়ে নিষেধাজ্ঞার কারণে ট্যাংকারে আটকে থাকা প্রায় ১৩০ মিলিয়ন ব্যারেল রুশ তেল বিক্রির অনুমতি দিয়েছিল, যা বৈশ্বিক সরবরাহ বাড়াতে সহায়তা করে।

বেসেন্ট বলেন, সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র আরও পদক্ষেপ নেবে, যার মধ্যে রয়েছে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে একতরফাভাবে তেল ছাড় করা। গত সপ্তাহে জি৭ দেশগুলোর সমন্বিত উদ্যোগে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের পর এটি অতিরিক্ত উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

তিনি স্পষ্ট করে বলেন, তেল ফিউচার বাজারে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। বরং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে প্রতিদিন ১০ থেকে ১৪ মিলিয়ন ব্যারেল ঘাটতি পূরণে বাস্তব সরবরাহ বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।

বেসেন্ট আরও জানান, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-এর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জাপানি নৌবাহিনীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হতে পারে। কারণ জাপানের অধিকাংশ তেল সরবরাহ এই পথ দিয়েই আসে।

এদিকে, কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির প্রধান প্রাকৃতিক গ্যাস কেন্দ্র রাস লাফানে আঘাত হানা হয়েছে।

একই সঙ্গে বেসেন্ট অভিযোগ করেন, চীন এখন আর নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে থাকছে না। তারা এশিয়ার অন্যান্য দেশে জেট ফুয়েলসহ পরিশোধিত পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে।সূত্র:রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪