ইন্টারন্যাশনাল ডেস্ক: ঈদুল ফিতরের ছুটি শেষ হলেই ভোটের প্রচারণায় সরাসরি মাঠে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার (২০ মার্চ) ‘প্রতিজ্ঞা’ শিরোনামে এই ইশতেহার উন্মোচন করেন দলীয় প্রধান।
ইশতেহারে মোট ১০টি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। শিক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প, তরুণদের বেকার ভাতা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নতুন কিছু প্রকল্প ঘোষণাও এসেছে এই ইশতেহারে।
সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ধারাবাহিকতায় এবার ‘দুয়ারে চিকিৎসা’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় প্রতি বছর প্রতিটি ব্লক ও শহরে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। ইতোমধ্যে জনপ্রিয় হওয়া ‘দুয়ারে সরকার’ মডেলের মতোই স্বাস্থ্যসেবাও স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
নারীদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়েছে। আগে ৫৯ বছর বয়স পর্যন্ত মাসিক এক হাজার রুপি ভাতা দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ১,৫০০ রুপি করা হয়েছে এবং আজীবন এই সুবিধা চালু রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তরুণদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পেও পরিবর্তন আনা হয়েছে। আগে পাঁচ বছরের জন্য মাসিক ১,৫০০ রুপি দেওয়ার কথা থাকলেও এখন চাকরি না পাওয়া পর্যন্ত এই ভাতা চালু থাকবে বলে জানানো হয়েছে। ২১ বছর বয়স থেকে এই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও বলা হয়েছে। কৃষিখাত উন্নয়নে ৩০ হাজার কোটি রুপির বিশেষ বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া ‘বাংলাই দিশারী’ প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের লজিস্টিকস, বন্দর ও বাণিজ্যিক অবকাঠামো গড়ে তুলে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি রুপির বিনিয়োগ হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গোষ্ঠীর নতুন বিনিয়োগ আসছে। রাজ্যে রেল কোচ, ওয়াগন, ইঞ্জিন উৎপাদনসহ জাহাজ নির্মাণ শিল্পও গড়ে উঠছে বলে দাবি করেন তিনি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে রাজ্য শীর্ষ অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন।
প্রবীণ নাগরিকদের জন্যও আলাদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে সন্তানরা বাইরে চলে যাওয়ায় একা হয়ে পড়া প্রবীণদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া প্রশাসনিক সুবিধা বাড়াতে নতুন সাতটি জেলা গঠনের কথা জানানো হয়েছে। পৌরসভার সংখ্যা বাড়ানো এবং সব কাঁচা ঘর পাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।
রিপোর্টার্স২৪/ধ্রুব