| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেন্টাগনের নীতির বিরুদ্ধে টাইমসের পক্ষে আদালতের রায়

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১২:৪৭:৩৭:অপরাহ্ন  |  ২৬৯৮৩৯ বার পঠিত
পেন্টাগনের নীতির বিরুদ্ধে টাইমসের পক্ষে আদালতের রায়
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পেন্টাগনসংক্রান্ত নতুন সাংবাদিকতা নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। আদালত বলেছে, এই নীতির মাধ্যমে অপছন্দের সাংবাদিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ওয়াশিংটন ডিসির জেলা বিচারক পল ফ্রিডম্যান শুক্রবার এক রায়ে পেন্টাগনের সেই নীতির প্রয়োগ স্থগিত করেন, যা সংবাদমাধ্যমের রিপোর্টারদের প্রবেশাধিকার সীমিত করছিল। এ রায়ে নিউ ইয়র্ক টাইমস-এর করা মামলার পক্ষে অবস্থান নেওয়া হয়।

মামলায় পেন্টাগন ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়, নতুন নীতিমালা সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে।

রায়ে বিচারক বলেন, পেন্টাগনের নীতিটি অস্পষ্ট এবং এতে উল্লেখ করা হয়নি কোন ধরনের স্বাভাবিক ও বৈধ সাংবাদিকতা কার্যক্রমের কারণে সাংবাদিকদের স্বীকৃতি (ক্রেডেনশিয়াল) বাতিল বা স্থগিত হতে পারে। ফলে এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর অধিকার লঙ্ঘন করে।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার জন্য মুক্ত সংবাদমাধ্যম ও সচেতন জনগণ অপরিহার্য। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য দমন করলে সেই নিরাপত্তাই হুমকির মুখে পড়ে।

বিচারক ফ্রিডম্যান তার রায়ে উল্লেখ করেন, প্রমাণ থেকে স্পষ্ট যে এই নীতির উদ্দেশ্য ছিল ‘অপছন্দের সাংবাদিকদের’ বাদ দিয়ে সরকারের অনুকূল সাংবাদিকদের জায়গা করে দেওয়া,যা বেআইনি বৈষম্যের শামিল।

রায়ের পর নিউইয়র্ক টাইমসের মুখপাত্র চার্লি স্টাডল্যান্ডার বলেন, এই রায় যুক্তরাষ্ট্রে স্বাধীন সংবাদমাধ্যমের সাংবিধানিক অধিকার পুনর্ব্যক্ত করেছে। জনগণের জানা উচিত, সরকার কীভাবে পরিচালিত হচ্ছে এবং তাদের অর্থে সামরিক বাহিনী কী করছে।

টাইমসের আইনজীবী থিওডোর বাউট্রাস বলেন, এই রায় সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান।

তবে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারা আগে যুক্তি দিয়েছিল, এই নীতিমালা ‘সাধারণ বোধসম্পন্ন’ নিয়ম আরোপ করে, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় সহায়ক।

বিচারক পেন্টাগনকে এক সপ্তাহের মধ্যে সাতজন টাইমস সাংবাদিকের স্বীকৃতি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন এবং নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে লিখিত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই রায় যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সরকারের জবাবদিহিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪