| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ল জ্বালানি তেলের দাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১০:২৫:৩২:পূর্বাহ্ন  |  ২৫৫৭৭৮ বার পঠিত
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ল  জ্বালানি তেলের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি চালু না করা হলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

এদিকে, ইসরাইল জানিয়েছে চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার সঙ্গে সঙ্গে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করে। পরে তা কিছুটা কমে আসে।

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসের ডেলিভারি মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছে। তবে লেনদেন শুরুর কিছুক্ষণ পর তা কমে প্রায় ১১১ ডলারের কাছাকাছি স্থির হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামা হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪