রিপোর্টার্স২৪ ডেস্ক: কুয়েত হরমুজ প্রণালিতে চলমান নিরাপত্তা সংকটের কারণে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কেপিসি জানায়, কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি বেড়ে যাওয়ায় সাময়িকভাবে তেল উত্তোলন কমানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার স্বাভাবিক উৎপাদনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই উৎপাদন কমানো শুরু হয়েছে। ১০ মার্চ কুয়েত মাত্র ৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে, যেখানে স্বাভাবিক সময়ে দেশটির দৈনিক উৎপাদন ৩০ লাখ ব্যারেলের বেশি।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করে। প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ ব্যবহার করে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের পর থেকে এই নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। ইতোমধ্যে একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করছে।
এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী দেশগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুদ্ধ চলাকালে এসব দেশের জাহাজের ওপর হামলা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে তেহরান।
রিপোর্টার্স২৪/আরকে