| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলায় শ্রমিক নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১০:১১:২৯:পূর্বাহ্ন  |  ১৭১১৬০ বার পঠিত
কুয়েতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলায় শ্রমিক নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : কুয়েতে একটি বিদ্যুৎ ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন এবং স্থাপনাটির একটি ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৩০ মার্চ) কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়। এতে একজন ভারতীয় শ্রমিক নিহত হন এবং ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি হয়।

হামলার পরপরই পরিস্থিতি সামাল দিতে এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রযুক্তিগত ও জরুরি সেবা প্রদানকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েতের মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলায় প্লান্টটির বড় ধরনের ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ইরান জানিয়েছে। নিহতদের মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, অন্যান্য শীর্ষ কর্মকর্তা এবং অন্তত ২১৬ শিশু রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামোও ধ্বংস হয়েছে।

এর জবাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা আঞ্চলিক দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের এই হামলায়ও প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এই প্রণালির মাধ্যমেই বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে গেছে এবং বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪