| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের তেহরানে হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৬:১৫:৩৮:অপরাহ্ন  |  ১৬৮২১৩ বার পঠিত
ইসরায়েলের তেহরানে হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সোমবার একাধিক দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং ‘আগ্রাসনের জবাব’ দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী তেহরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ড্রোন হামলার চেষ্টা হয়েছে, যা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সোমবার ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানে সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ব্যবহৃত অবকাঠামোতেও হামলা হয়েছে। জবাবে হিজবুল্লাহও ইসরায়েলের দিকে নতুন করে রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি ও পরোক্ষভাবে আলোচনা চলছে এবং নতুন ইরানি নেতৃত্ব ‘যৌক্তিক’ আচরণ করছে। তবে একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের পদক্ষেপও অব্যাহত রেখেছেন। এতে ইরানের পার্লামেন্ট স্পিকার ওয়াশিংটনের বিরুদ্ধে দ্বৈত বার্তার অভিযোগ তুলেছেন,একদিকে আলোচনা, অন্যদিকে সম্ভাব্য স্থল অভিযান প্রস্তুতি।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মজিদ এবন-ই রেজা তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলাপে বলেছেন, তেহরান আগ্রাসীদের শাস্তি দেবে, প্রতিরোধ গড়ে তুলবে এবং যুদ্ধ পুনরাবৃত্তি ঠেকাবে।

প্রায় এক মাস ধরে চলা এ যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এছাড়া ইয়েমেনের হুতিদের হামলার কারণে বাব এল-মান্দেব প্রণালীও ঝুঁকির মুখে পড়তে পারে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ।

এদিকে, পাকিস্তান জানিয়েছে, তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং যুদ্ধ অবসানে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান এতে অংশ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারব বলে মনে করি, তবে না-ও হতে পারে।’ তিনি দাবি করেন, বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটিতে কার্যত ‘শাসন পরিবর্তন’ হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মুজতবা খামেনি।

চার সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ধারাবাহিক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুরোপুরি দমন করা সম্ভব হয়নি। দেশটি নিহত নেতাদের পরিবর্তে নতুন নেতৃত্বও নিয়োগ দিয়েছে। ইরান সোমবার নিশ্চিত করেছে, রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন।

অঞ্চলজুড়ে উত্তেজনার মধ্যে কুয়েত জানিয়েছে, তারা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি বিমানঘাঁটিতে রকেট হামলায় একটি বিমান ধ্বংস হয়েছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি।

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বৈশ্বিক বিমান সংস্থাগুলো ভাড়া বাড়ানো ও ফ্লাইট সংখ্যা কমানোর পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি ব্যয় বাড়তে থাকলে যাত্রী চাহিদা কমে যেতে পারে, যা এ খাতের লাভজনকতা হুমকির মুখে ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রে জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ নাগরিক এ যুদ্ধ ও এর বিস্তারের বিরোধিতা করছে। পরিস্থিতি আরও জটিল হলে নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে, বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহর হামলার জেরে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েল সেখানে একটি ‘নিরাপত্তা বাফার জোন’ গড়ে তুলতে চায়, যা লেবাননে নতুন করে অস্থিরতা ও বাস্তুচ্যুতির আশঙ্কা বাড়াচ্ছে।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১ হাজার ৫৫০ জন বেসামরিক নাগরিক। লেবাননে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ২৪০। এছাড়া ইরাকে অন্তত ১০০ জন এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪