| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১০:৩১:৪০:পূর্বাহ্ন  |  ১৪২৭৬৩ বার পঠিত
সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

ফোনালাপ সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে ক্রাউন প্রিন্সকে অবহিত করেছেন ট্রাম্প। তবে এই ফোনালাপের বিষয়ে আনাদোলুর পক্ষ থেকে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস কোনো সাড়া দেয়নি।

যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো বার্তার মধ্যেই এই যোগাযোগ সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ওয়াশিংটনের প্রস্তাবগুলোকে মাত্রাতিরিক্ত ও অবাস্তব বলে অভিহিত করেছে তেহরান।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি জর্ডান, ইরাক এবং যেসব উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, সেখানেও পাল্টা হামলা চালিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে গেছে। এছাড়া বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পার হয়। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচলেও নেতিবাচক প্রভাব ফেলেছে চলমান সংঘাত।

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪