ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের ‘জান্তা প্রধান’ জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পাঁচ বছর আগে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর শুক্রবার(৩ এপ্রিল) ‘সামরিক বাহিনী নিয়ন্ত্রিত’ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি নিজের ক্ষমতাকে আনুষ্ঠানিক রূপ দিলেন। খবর আল-জাজিরার।
৫৯৪ সদস্যের পার্লামেন্টে ২৯৩ জন সংসদ সদস্য হ্লাইংয়ের পক্ষে ভোট দেন। এর ফলে তিনি অনায়াসেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের সময় থেকেই এই জেনারেলের লক্ষ্য ছিলো রাষ্ট্রপতির পদটি নিজের করে নেয়া। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ‘একতরফা’ সাধারণ নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি) ৮০ শতাংশের বেশি আসনে জয়লাভ করে। বিশ্লেষক ও পশ্চিমা দেশগুলো শুরু থেকেই এই নির্বাচনকে গণতন্ত্রের নামে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করে আসছিল। পার্লামেন্টে আগেই এক-চতুর্থাংশ আসন সেনাসদস্যদের জন্য সংরক্ষিত ছিলো, যা হ্লাইংয়ের বিজয়কে সুনিশ্চিত করে।
প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আগে গত সোমবার মিন অং হ্লাইং তার দীর্ঘদিনের অনুগত সাবেক গোয়েন্দা প্রধান ইয়ে উইন ও-কে সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করেন। ২০১১ সাল থেকে হ্লাইং নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন।
সূত্র : আল জাজিরা
রিপোর্টার্স২৪/এন এইচ