ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি আঘাত হেনেছে পাকিস্তানে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে এক রাতের ব্যবধানে দেশটিতে জ্বালানির দাম রেকর্ড হারে বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন এই মূল্য ঘোষণা করেন। ঘোষণায় দেখা যায়, পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৪৫৮ দশমিক ৪০ রুপিতে (প্রায় ১.৬৪ ডলার), যা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। অন্যদিকে, শ্রমিক ও গণপরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি (প্রায় ১.৮৬ ডলার)।
প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে আগের দাম ধরে রাখতে, তবে চলমান সংকটের কারণে তা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ইরানে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, ফলে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি হয়, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে সৃষ্টি হয়েছে তীব্র চাপ।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে শুধু পাকিস্তান নয়, বিশ্বজুড়েই জ্বালানির দাম আরও বাড়তে পারে।
সূত্র: রয়টার্স
রিপোর্টার্স২৪/ঝুম