ইন্টারন্যাশনাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে।
আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, আর এর আগের দিন আরাফাত দিবস হিসেবে পরিচিত, যেদিন হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।
এই হিসাবে, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাব্য সময়সূচি ধরেই ছুটির সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।
সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রোববার, যা পড়ছে ৩০ ও ৩১ মে। এ ছাড়া ২৬ মে হজের দিন ছুটি থাকবে এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা।
রিপোর্টার্স২৪/এন এইচ