| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী নারী চাইলেন উগান্ডা সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ২১:০০:৪৯:অপরাহ্ন  |  ৫৪৬০৫ বার পঠিত
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী নারী চাইলেন উগান্ডা সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও দেশটির প্রেসিডেন্ট ইয়াওয়ারি মুসেভেনির ছেলে মুয়াহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের জন্য দেওয়ার দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

এনডিটিভি জানিয়েছে, কাইনেরুগাবা দাবি করেন, সোমালিয়ায় আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে উগান্ডা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তার যথাযথ স্বীকৃতি বা আর্থিক প্রতিদান মেলেনি।

তিনি বলেন, তুরস্ক সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে লাভবান হচ্ছে, অথচ নিরাপত্তার বড় দায়িত্ব বহন করছে উগান্ডা।

তিনি তুরস্কের কাছে ‘সিকিউরিটি ডিভিডেন্ড’ হিসেবে ১০০ কোটি ডলার দাবি করে হুঁশিয়ারি দেন—এই দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে তিনি বিতর্কিতভাবে বলেন, তুরস্ক যেন দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ তার জন্য পাঠায়। যাকে তিনি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে কাইনেরুগাবা আরও বলেন, তুরস্কের জন্য বিষয়টি খুবই সহজ, তারা আমাদের টাকা দেবে, নইলে আমরা তাদের দূতাবাস বন্ধ করে দেব। তারা চাইলে আমাদের দূতাবাসও বন্ধ করতে পারে, তাতে সমস্যা নেই।

তিনি সতর্ক করে বলেন, উগান্ডা খুব শিগগিরই তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে। তিনি উগান্ডার নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন।

একই পোস্টে তিনি ইসরায়েলের প্রতিও সমর্থন জানিয়ে বলেন, প্রয়োজনে তার নেতৃত্বে এক লাখ উগান্ডার সেনা ‘পবিত্র ভূমি রক্ষার জন্য’ ইসরায়েলে পাঠাতে প্রস্তুত আছেন।

উল্লেখ্য, এটি কাইনেরুগাবার প্রথম বিতর্কিত মন্তব্য নয়। ২০২২ সালের অক্টোবরে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে ১০০টি ‘অ্যাংকোল’ গরু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা নিয়েও তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।


রিপোর্টার্স২৪/এস এন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪