| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে ৭০০ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৬:৪৫:৩৮:অপরাহ্ন  |  ৪৬৭ বার পঠিত
দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে ৭০০ জনের  মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দেশে প্রতিদিন অন্তত ৭০০ মানুষ হার্ট অ্যাটাকে বা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনও পর্যাপ্ত সচেতনতা না থাকায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মত দেন তারা।

বুধবার (২২ এপ্রিল) সকালে খুলনা সিভিল সার্জনের কার্যালয়ে ‘খুলনা জেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে এনসিডি মোকাবিলা মডেলের প্রচার ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

সেমিনারে জানানো হয়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, মানসিক স্বাস্থ্য সমস্যা ও প্রতিবন্ধিতাসহ বিভিন্ন অসংক্রামক রোগ (NCD) বর্তমানে বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এসব রোগ প্রতিরোধে সংক্রামক রোগের মতোই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বক্তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিন এক চামচের বেশি লবণ ও পাঁচ চামচের বেশি চিনি গ্রহণ না করার পরামর্শ দেন। পাশাপাশি প্রতিদিন তিন বেলা খাবারের পর অন্তত ১০ মিনিট করে মোট ৩০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

খুলনা সিভিল সার্জন কার্যালয় ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক–এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। তিনি বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনা ছাড়া অকালমৃত্যু কমানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, একসময় সংক্রামক রোগ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মনে করে কিছুটা অবহেলা করা হয়েছিল। তবে সাম্প্রতিক Measles পরিস্থিতি দেখিয়েছে স্বাস্থ্যখাতে কোনো বিষয়ই উপেক্ষা করার সুযোগ নেই; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে নিয়মিত কার্যক্রম, মনিটরিং ও টেকসই বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সেমিনারে জানানো হয়, খুলনা বিভাগে চলমান হাম টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১৬ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইতোমধ্যে ৯৬-৯৭ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কভারেজ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক ডা. শেখ আখতার আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. এ সালাম, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডি প্রোগ্রামের ফোকাল পারসন ডা. রাহাত ইকবাল চৌধুরী এবং বাংলাদেশে জাপানি মিশনের ফার্স্ট সেক্রেটারি শিনজু কারাওয়াসা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪