| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে মার্কিন নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ, দুজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ২২:৫৮:৫৭:অপরাহ্ন  |  ৫২১ বার পঠিত
ভারতে মার্কিন নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ, দুজন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের কোডাগু জেলার একটি হোমস্টেতে অবস্থানকালে এক মার্কিন নারী পর্যটককে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ওই নারী স্থানীয় একটি হোমস্টেতে অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, হোমস্টের এক কর্মী তাকে নেশাজাতীয় পদার্থ মিশ্রিত পানীয় খাইয়ে অচেতন করে যৌন নির্যাতন করে। ঘটনার সময় ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী ১৭ এপ্রিল মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে ১৯ এপ্রিল মামলা দায়ের করা হয়।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং হোমস্টেটির লাইসেন্স ও কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, কুট্টা থানায় বিদেশি নাগরিকের ওপর যৌন নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করলে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়। তদন্তের অংশ হিসেবে ফরেনসিক বিশ্লেষণ ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

ভুক্তভোগী বর্তমানে মাইসুরু শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় গোপন রাখা হয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্রে ফিরে না যাওয়া পর্যন্ত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

এ ঘটনায় কর্ণাটকের রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমএলসি সি টি রবি ঘটনাটিকে “লজ্জাজনক ও অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-কে পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান।


ঘটনার পর পর্যটন বিভাগ নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট হোমস্টেটি বন্ধ করে দিয়েছে। জেলা প্রশাসন সব হোমস্টের জন্য কঠোর নিরাপত্তা নির্দেশনাও জারি করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪