| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং কিনবে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৭:৪৪:০৪:অপরাহ্ন  |  ২৭০ বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং কিনবে বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট।

বোসরা ইসলাম জানান, আকাশপথে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পরিকল্পনার অংশ হিসেবে বহরে উড়োজাহাজের সংখ্যা ৪৭-এ উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। সঙ্গে যুক্ত হবে বেশ কয়েকটি নতুন রুট।

বিমানের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব বিমান কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় শিগগিরই বোয়িংয়ের সঙ্গে নতুন একটি চুক্তি সই হতে যাচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমানের বর্তমান অবস্থা নিয়ে বৈঠকের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, লিজ প্রক্রিয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হয়েছে। একই সঙ্গে আগের সরকারের আমলে তৈরি করা বোয়িং ক্রয়ের খসড়া চুক্তিটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে, যার বিষয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে বাংলাদেশের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে আরও ২৮টি বিমান সংযোজন করা প্রয়োজন। তাই এর মধ্যে ১৪টি বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে, পাশাপাশি লিজের মাধ্যমে কয়েকটি বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের ক্ষেত্রে বোয়িং ৭৮৭-৯, ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ৭৩৭-৮ ম্যাক্স মডেলগুলো নিয়ে আলোচনা হচ্ছে।

চুক্তি অনুযায়ী নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়া শুরু করলে বিমান তাদের রুট সম্প্রসারণের কাজে হাত দেবে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের মধ্যে মালদ্বীপের মালে, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের জুলাই থেকে বন্ধ থাকা ঢাকা-নারিতা (জাপান) রুটটি এই অর্থবছরেই পুনরায় চালু করা হবে। পরবর্তী ধাপে ২০২৮ সালে চীনের কুনমিং ও বাহরাইন এবং ২০২৯ সালে অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার জাকার্তা ও দক্ষিণ কোরিয়ার সিউল রুটে ডানা মেলবে বাংলাদেশ বিমান।

বিমানের মহাপরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে মালদ্বীপের মালে, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের জুলাই থেকে বন্ধ থাকা ঢাকা-নারিতা (জাপান) রুটটি এই অর্থবছরেই পুনরায় চালু করা হবে।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪