| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১০:১৪:১৭:পূর্বাহ্ন  |  ১৭৮৬৪১ বার পঠিত
গাজায়  ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ফিলিস্তিনের গাজায় গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রতিদিন লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার চিকিৎসা সূত্রের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার খান ইউনিসে পুলিশের একটি যানবাহনে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে, যার মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক এক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। উত্তর গাজার বেইত লাহিয়াতে একটি বাড়িতে বোমাবর্ষণে আরও দুইজন নিহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়কে বেসামরিক এলাকায় নিরাপত্তা পুনরুদ্ধারে নিয়োজিত স্থানীয় পুলিশ বাহিনীর ওপর ইসরায়েলি হামলা বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, খান ইউনিসের হামলাটি এমন সময় চালানো হয়েছে যখন নিরাপত্তা বাহিনী ওই এলাকার একটি মারামারি থামানোর জন্য হস্তক্ষেপ করছিল।

মন্ত্রণালয় আরও  জানায়, বেসামরিক পুলিশ কর্মকর্তাদের হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর অব্যাহত নীরবতা ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে একাত্মতা ঘোষণার শামিল, যা আন্তর্জাতিক আইনে সুরক্ষিত একটি বেসামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও অপরাধ করতে তাদের উৎসাহিত করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি গত বছরের অক্টোবরে কার্যকর হয়েছিল। এর ফলে ইসরায়েলি বোমাবর্ষণের তীব্রতা কিছুটা কমেছিল।

তবে স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েল সেখানে হামলা চালিয়ে যাচ্ছে, যাতে অন্তত ৯৮৪ জন নিহত এবং ২ হাজার ২৩৫ জন আহত হয়েছে।

শুধু এই সপ্তাহেই, গত বুধবার ইসরায়েলি হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৫০০ ছাড়িয়েছে এবং ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়া নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪