আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানের সময় হোয়াইট হাউসে গোলাগুলির মতো শব্দ শোনা গেছে। এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ উপস্থিত অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। খবরটি জানিয়েছে রয়টার্স ও বিবিসি।
শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। হঠাৎ একটি জোরালো ও অজ্ঞাত শব্দ শোনার পর নিরাপত্তাকর্মীরা ট্রাম্প ও মেলানিয়াকে মঞ্চ এলাকা থেকে দ্রুত সরিয়ে নেন। অনুষ্ঠানে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়। ওই সময় প্রায় ২ হাজার ৬০০ অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওয়েটাররাও দ্রুত ডাইনিং হলের সামনের দিকে সরে যান।
লাইভ সম্প্রচারে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা নেওয়ার ঠিক আগে মেলানিয়া ট্রাম্প ভিড়ের দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস পুলের সদস্যদেরও সিক্রেট সার্ভিস আটকে রাখে। পুল হলো সাংবাদিক, আলোকচিত্রী ও প্রযুক্তিবিদদের একটি ছোট দল, যারা প্রতিদিন প্রেসিডেন্টের কর্মসূচি কভার করে। প্রতিবেদনে আরও বলা হয়, সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পরে এক বিবিসি সাংবাদিক জানান, তিনি একাধিক জোরালো বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। এরপর সিক্রেট সার্ভিস অস্ত্র উঁচিয়ে পুল সদস্যদের দ্রুত কক্ষ থেকে বের করে নিয়ে যায়।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে।
ট্রাম্প আরও জানান, পরিস্থিতির কারণে রাতের কর্মসূচি পরিকল্পনার চেয়ে ভিন্ন হবে এবং অনুষ্ঠানটি পরে নতুন করে আয়োজন করতে হবে।
রিপোর্টার্স২৪/বাবি