ইন্টারন্যাশনাল ডেস্ক: হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক, তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও খুব বেশি শঙ্কিত নন। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে অনুষ্ঠিত ওই নৈশভোজে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে পুরো অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি নিয়ে তিনি কতটা উদ্বিগ্ন। জবাবে তিনি বলেন, তিনি বিষয়টি নিয়ে চিন্তিত, তবে আতঙ্কিত নন। তার মতে, প্রেসিডেন্টের দায়িত্বই স্বাভাবিকভাবে ঝুঁকিপূর্ণ এবং এটি কাজেরই অংশ।
ট্রাম্প বলেন, দেখুন, আমি এখানে একটি কাজ করতে এসেছি। প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক। এটি কাজেরই একটি অংশ। আমি মনে করি না প্রেসিডেন্টের দায়িত্বের চেয়ে বিপজ্জনক আর কোনো কাজ আছে। তবে আমি দেশকে ভালোবাসি, আমি অত্যন্ত গর্বিত। দেশের জন্য আমরা যা করেছি, তা নিয়েও আমি গর্বিত।
তিনি আরও বলেন, যদি তিনি আগে থেকেই জানতেন যে প্রেসিডেন্টের দায়িত্ব এতটা ঝুঁকিপূর্ণ, তাহলে হয়তো তিনি নির্বাচনে অংশ নিতেন না—এ কথা তিনি কৌতুকের সুরে উল্লেখ করেন।
ঘটনাস্থল থেকে পাওয়া টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প নৈশভোজের টেবিলে বসে ছিলেন। এ সময় হোটেলের ভেতরে অবস্থিত বাঙ্কেট হলে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে নিরাপত্তা বাহিনী দ্রুত ট্রাম্পকে ঘিরে ফেলে এবং তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সময়ে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিক্রেট সার্ভিস দ্রুত পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে জানা যায়, তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার প্রতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তরে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তবে এ বছরের অনুষ্ঠানে গুলির ঘটনার পর অতিথিদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গুলির শব্দ শোনার পরপরই পুরো হলরুমে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয় এবং নিরাপত্তা বাহিনী দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
সূত্র: সিএনএন
রিপোর্টার্স২৪/ এম এইচ