আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কর্মরত কর্মচারীরা হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাবেন বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
বুধবার (২৯ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মী টানা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি ভোগ করতে পারবেন। এই ছুটির মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট কর্মীকে একই প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে চাকরি করতে হবে।
ঘোষণায় বলা হয়েছে, একজন কর্মী তার চাকরি জীবনে মাত্র একবার এই বিশেষ হজ ছুটি গ্রহণ করতে পারবেন। এছাড়া যেসব কর্মী আগে কখনও হজ পালন করেননি, কেবল তারাই এ সুবিধা পাবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রয়োজন বিবেচনায় প্রতি বছর কতজন কর্মীকে এই ছুটি দেওয়া হবে, তা নির্ধারণ করবেন নিয়োগকর্তারা।
সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন এই উদ্যোগ দেশটিতে কর্মরত মুসলিমদের ধর্মীয় দায়িত্ব পালনে সহায়তা করবে এবং শ্রম অধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/বাবি