রিপোর্টার্স২৪ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রতিদ্বন্দ্বী দল বিজেপির তুলনায় পিছিয়ে পড়লেও এখনই পরাজয় মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (৪ এপ্রিল) দুপুর নাগাদ ভোট গণনার প্রবণতায় বিজেপির জয় অনেকটাই নিশ্চিত হয়ে উঠলেও, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেনলড়াই এখনও শেষ হয়নি। দুপুর সাড়ে বারোটার দিকে তিনি বলেন, “আমরা এখনও হার স্বীকার করছি না। কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র ছাড়বেন না।”
তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে রয়েছে, যেগুলোর ফলাফল যথাযথভাবে প্রকাশ করা হচ্ছে না। নির্বাচনী ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, “ভোটের নামে গোটাটাই মিথ্যে তথ্য দেখানো হচ্ছে।”
এদিকে ভোটের প্রবণতায় এগিয়ে থাকা বিজেপি শিবিরে বইছে উৎসবের আমেজ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা, আয়োজন করা হচ্ছে খাবার ও উদযাপনের প্রস্তুতি।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গণনাকৃত ভোটের প্রবণতায় বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৯৫টি আসনে, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে প্রায় ৯৫টি আসনে।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ফলে আজ ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম