আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে কংগ্রেসের সমর্থন চেয়েছেন তামিলাগা ভেট্রি কাজাগাম-টিভিকে দলের প্রধান ও সাবেক অভিনেতা থালাপতি বিজয়। মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল।
সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো দলই। ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কে সি ভেনুগোপাল বলেন, কংগ্রেসের তামিলনাড়ু ইউনিট এ বিষয়ে আগামীকাল বৈঠকে বসবে। তিনি জানান, বিজেপিকে ক্ষমতার বাইরে রাখাই তাদের প্রধান লক্ষ্য এবং দল শুরু থেকেই একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য ইউনিটকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে।
তামিলনাড়ু কংগ্রেসের ইনচার্জ গিরিশ চোরানকার জানান, থালাপতি বিজয় সমর্থন চেয়ে কংগ্রেস সভাপতির কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, বিজয়ের প্রতি তরুণ ও নারী ভোটারদের ব্যাপক সমর্থন ছিল। জনমতও একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠনের পক্ষে।
রিপোর্টার্স২৪/বাবি