ইন্টারন্যাশনাল ডেস্ক: বিজেপি ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যেই বারাসতের বিখ্যাত সিরাজ উদ্যানের নাম পাল্টে দিলেন দলের কর্মীরা। মঙ্গলবার বিজেপি কর্মীরা সিরাজ উদ্যানের নেমপ্লেট সরিয়ে ওই পার্কের নামকরণ করেছেন ‘শিবাজি উদ্যান’। বারাসত শহরের ভিতর দিয়ে যাওয়া ১২ নম্বর জাতীয় সড়কের ধরে কাঠগোলা এলাকায় একটি তোরণ নির্মাণ করেছিল বারাসত পুরসভা। এলাকায় একটি ধর্মীয় স্থান থাকার কারণে ওই তোরণের নামকরণ করা হয় ‘মসজিদবাড়ি রোড’। এ দিন বিজেপি কর্মীরা ওই তোরণের নামকরণ করেন ‘নেতাজিপল্লি রোড’।
তৃণমূল পরিচালিত বারাসত পুরসভা ২০২২ সালে চাঁপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস টার্মিনালের পাশে একটি পার্ক তৈরি করেছিল। পার্কের নামকরণ করা হয় ‘সিরাজ উদ্যান’। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রাইড ছাড়াও উদ্যানের ভিতরে ছোট্ট একটি জলাশয় রয়েছে। সেখানে বোটিং করার ব্যবস্থাও রয়েছে। কথিত আছে, বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা মুর্শিদাবাদ থেকে কলকাতায় যাওযার পথে বারাসতের ওই জায়গার জলাশয়ে নেমে নবাবের ঘোড়া জল খেয়েছিল। ইতিহাসের সঙ্গে জড়িত থাকায় ওই পার্কের নামকরণ করা হয় সিরাজ উদ্যান।
পার্কের নাম বদল প্রসঙ্গে বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, ‘কয়েকজন বিজেপি কর্মী গিয়ে উদ্যানের নামকরণ করেছে শিবাজি উদ্যান। রাজনৈতিক পরিস্থিতি একটু শান্ত হলে বিষয়টি বোর্ড মিটিংয়ে তুলব। বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।’ বিজেপি নেতা তাপস মিত্র বলেন, ‘দলের পক্ষ থেকে কেউ এমন নির্দেশ দেননি। ব্যক্তিগত ভাবে কেউ কেউ এটা করেছে। এর দায় দলের নয়।’
এ দিন বাগদার হেলেঞ্চার বি আর আম্বেদকর শতবার্ষিকী কলেজে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের কর্মীরা গঙ্গাজল ছিটিয়ে ছাত্র সংসদের অফিসে গেরুয়া পতাকা লাগিয়ে দেয়। বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েত ও ডহরপোতা সমবায় সমিতিতেও তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পঞ্চায়েতের সামনে কালি দিয়ে বিজেপি লিখে পদ্মফুল আঁকা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশের মধ্যস্থতায় প্রায় আধ ঘণ্টা পরে তালা খুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি দিবাকর তরফদার বলেন, আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী নই। গণতান্ত্রিক দেশে এটা করা যায় না। যারা করেছে, তারা ভুল করেছে। দলের পক্ষ থেকে এমন কোন নির্দেশও দেওয়া হয়নি।
সূত্র: এই সময় অনলাইন
রিপোর্টার্স২৪/এম এইচ