ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মার্কো রুবিও বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ায় ইরানে চলমান সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। তিনি জানান, বর্তমানে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ওয়াশিংটনের নেই।
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সংঘাত চায় না উল্লেখ করে তিনি বলেন, আমরা শান্তির পথই বেছে নিতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সমঝোতা চান, যেখানে ভবিষ্যৎ আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়া হোক, যাতে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছে। ২০২৫ সালের জুনে এই ইস্যুতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতও হয়।
এর আগে ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। আলোচনার ব্যর্থতার পরই ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র।
সংঘাত চলাকালে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হয়, যা এখনও চলমান রয়েছে।
তবে প্রতিবেদনে উল্লেখিত বহু প্রাণহানি ও শীর্ষ নেতাদের মৃত্যুর তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সূত্রে জানা যায়।
সূত্র: এবিসি নিউজ
রিপোর্টার্স২৪/ঝুম