আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ২০১৬, ২০২১ সালের পর ২০২৬ সালের নির্বাচনেও জয় ধরে রেখে আবারও নিজের রাজনৈতিক শক্তিমত্তার প্রমাণ দিলেন তিনি।
এবারের নির্বাচনে নয় হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শুভেন্দু। বুধবার (৬ মে) সকালে নন্দীগ্রামে সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন করেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।
জয়ের পর নন্দীগ্রামের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু বলেন, নন্দীগ্রামের ঋণ আমি শোধ করব। বিজেপি ১০০ বছর ক্ষমতায় থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনের পর কোনো ধরনের প্রতিহিংসা বা সহিংসতায় জড়ানো যাবে না। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আইনি পথে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর খবরে বলা হয়েছে, এবারের নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারী। দুই আসনেই তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয় পান।
নন্দীগ্রাম আসনটি পশ্চিমবঙ্গ রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। ২০২১ সালের নির্বাচনে এই আসনেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে হারিয়ে ব্যাপক আলোচনায় আসেন শুভেন্দু। এবারের জয়কে বিজেপির জন্য বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
রিপোর্টার্স২৪/বাবি