| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১১:০৭:১১:পূর্বাহ্ন  |  ১৪৫২ বার পঠিত
বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ধরনের সাফল্য পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দলটি। এর মধ্যেই সরকার গঠনকে কেন্দ্র করে জোট-রাজনীতির নানা গুঞ্জনের মধ্যে বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছে টিভিকে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) একসঙ্গে সরকার গঠনের উদ্যোগ নিলে টিভিকের নির্বাচিত ১০৭ জন এমপি একযোগে পদত্যাগ করবেন। শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ডিএমকে ও এআইএডিএমকের শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকের পর রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে এবং ই পালানিস্বামীর এআইএডিএমকে সরকার গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই কঠোর অবস্থান নেয় বিজয়ের দল।

নির্বাচনে ১০৭টি আসন জয় করে টিভিকে নিজেদের ‘একক বৃহত্তম দল’ হিসেবে দাবি করছে। দলটির নেতারা বলছেন, গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে সরকার গঠনের জন্য গভর্নরের উচিত ছিল বিজয় থালাপতিকে আমন্ত্রণ জানানো। তবে তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকার সে দাবি প্রত্যাখ্যান করেছেন।

গভর্নর জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনো নিশ্চিত করতে পারেনি টিভিকে। শুধু তাই নয়, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়ে বিজয় যে পরিকল্পনা উপস্থাপন করেছেন, সেটিও গ্রহণযোগ্য মনে হয়নি রাজভবনের কাছে।

সূত্র জানায়, টানা দুই দিনের বৈঠকেও গভর্নর একই অবস্থানে অনড় থাকেন। তিনি স্পষ্টভাবে জানান, সরকার গঠনের দাবি জানাতে হলে অন্তত ১১৮ জন এমপির সমর্থনের চিঠি জমা দিতে হবে। রাজভবনের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রতিষ্ঠিত হয়নি।

এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য টিভিকের আরও ১০টি আসন প্রয়োজন। ইতোমধ্যে কংগ্রেসের পাঁচজন এমপি দলটির প্রতি সমর্থন জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বাম দল এবং কয়েকটি ছোট রাজনৈতিক দলের সঙ্গে সমর্থন আদায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে টিভিকে।

রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই আইনি পথেও হাঁটার প্রস্তুতি নিচ্ছে বিজয়ের দল। দলীয় সূত্রের দাবি, প্রয়োজন হলে সরকার গঠন নিয়ে গভর্নরের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে টিভিকে।

তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে এই নাটকীয় পরিস্থিতি এখন নতুন সমীকরণের জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত সরকার গঠনের দৌড়ে কে এগিয়ে যায়, তা নিয়ে জোর আলোচনা চলছে রাজ্যজুড়ে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪