| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৫:০০:৫৬:অপরাহ্ন  |  ১০৮৩ বার পঠিত
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে চলছে ব্যাপক উদ্ধার অভিযান।

দেশটির আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানায়, শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের ঘন মেঘ আকাশে ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় শক্তিশালী গর্জনধ্বনি শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছে। নিখোঁজদের মধ্যে অন্তত নয়জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানান, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, আগ্নেয়গিরিতে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করার পর ১৭ এপ্রিল থেকেই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরও কিছু পর্যটক ও পর্বতারোহী সেখানে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঝুঁকি বিবেচনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সরকারি আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, ছাইয়ের মেঘ বর্তমানে উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এর প্রভাবে তোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাইয়ের বৃষ্টি ও শ্বাসপ্রশ্বাসজনিত ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি লাভা ও পাথর ছিটকে পড়ার আশঙ্কাও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মাউন্ট ডুকোনো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত এখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে, যা এর অস্থিতিশীল অবস্থার ইঙ্গিত দিচ্ছে।


সূত্র: আল-জাজিরা

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪