আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ।
শনিবার দিবাগত রাতজুড়ে চলা এ বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার প্রশ্নে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে “বিপর্যয়” বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, বাইরের শত্রু ইরানের চেয়েও ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীর সামরিক সেবায় অনীহাকে তিনি সমালোচনা করেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’ ও ‘৭ অক্টোবর ভুলে যাও’ লেখা প্ল্যাকার্ড বহন করছেন। কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যঙ্গ করে “বিবি এসকোবার” বলেও উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক চাপের পাশাপাশি জনঅসন্তোষও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি