আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভেনিসে ১৭ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীর বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। মেস্ত্রে এলাকার একটি অ্যাপার্টমেন্টে নিজ ঘরে তাকে ধর্ষণের অভিযোগে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
রোববার (১০ মে) ঘটনাটি প্রকাশ্যে আসে। ইতালির কারাবিনিয়েরি পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরই তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
অভিযোগ অনুযায়ী, কিশোরীটি পরিবারের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করে বসবাস করতেন। সুযোগ নিয়ে একই অ্যাপার্টমেন্টের এক পুরুষ রুমমেট তার ওপর হামলা চালান বলে দাবি করা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মনফালকোনের সাবেক মেয়র আনা সিসিন্ট এবং ভেনিস লীগের নেতা অ্যালেক্স বাজারো এটিকে “অগ্রহণযোগ্য ও জঘন্য ঘটনা” বলে উল্লেখ করেছেন।
তারা অভিযোগ করে বলেন, অতিরিক্ত ভিড়, সাবলেট এবং অনিয়ন্ত্রিত রুম শেয়ারিং ব্যবস্থাই এমন অপরাধের ঝুঁকি বাড়াচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।