স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ও এশিয়ান ক্রিকেট ফোরামে একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি ২০২৮–৩১ চক্রের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) আরও ভারসাম্যপূর্ণ করার বিষয়েও আলোচনা হয়েছে।
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সাম্প্রতিক দুই দিনের ঢাকা সফরে এ বিষয়ে অগ্রগতি হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে। সফরকালে তিনি বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ক্রিকেট প্রধান তামিম ইকবাল।
সূত্র অনুযায়ী, বৈঠকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) দুই স্তরের কাঠামো চালুর যেকোনো উদ্যোগের বিরোধিতা, আইসিসি ইভেন্টের আয় বণ্টনে ন্যায্যতা এবং ভবিষ্যৎ ডব্লিউটিসি কাঠামোতে ভারসাম্য আনার বিষয়ে আলোচনা হয়।
দুই বোর্ডের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমানে ডব্লিউটিসিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তুলনামূলক বেশি সুযোগ পেলেও পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ যথাযথ সুযোগ পাচ্ছে না।
এছাড়া আইসিসির ভেতরে অন্যান্য বোর্ডকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসির বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় বিসিবি ও পিসিবি।
সূত্র জানায়, মহসিন নাকভি ও তামিম ইকবাল উভয়েই ভবিষ্যতে অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে আইসিসি পর্যায়ে সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন।