ইন্টারন্যাশনাল ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক কয়েক দিনের যৌথ বিমান ও স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তায় ১৭৫ জন আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর জানিয়েছে।
সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের সঙ্গে পরিচালিত এসব অভিযানে আইএসের পশ্চিম আফ্রিকা শাখার (আইএসডব্লিউএপি) ব্যবহৃত চেকপয়েন্ট, অস্ত্রভাণ্ডার, লজিস্টিক কেন্দ্র এবং অর্থায়ন নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এই গোষ্ঠীটি বহু বছর ধরে ওই অঞ্চলে বিদ্রোহ পরিচালনা করে আসছে।
মধ্যপ্রাচ্যে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর আইএস আফ্রিকার দিকে মনোযোগ বাড়ায়। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটার (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী আইএসের মোট কর্মকাণ্ডের ৮৬ শতাংশই আফ্রিকায় সংঘটিত হয়েছে।
নাইজেরিয়ার প্রতিরক্ষা মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা এক বিবৃতিতে বলেন, ১৯ মে পর্যন্ত মূল্যায়নে দেখা গেছে, ১৭৫ জন আইএস জঙ্গিকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৬ মে চালানো হামলায় আবু-বিলাল আল-মিনুকি নিহত হন, যাকে দুই সরকারই আইএসের বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে। এরপর গত সপ্তাহান্তে আরও অভিযানে নিহত হয় আবদ আল-ওয়াহাব, যিনি আইএসডব্লিউএপি’র হামলা ও প্রচারণা তদারকি করতেন; এছাড়া আবু মুসা আল-মাঙ্গাউই এবং আবু আল-মুথান্না আল-মুহাজিরও নিহত হন। আল-মুহাজির ছিলেন একজন জ্যেষ্ঠ মিডিয়া অপারেটিভ এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহযোগী।
রিপোর্টার্স/এম এইচ