স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই—বরং দীর্ঘদিন ধরে চলমান নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনেরই ভয়াবহ প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২১ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, কেবল আইন বা সরকারের একক উদ্যোগ দিয়ে এ পরিস্থিতির সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। তার মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠনসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেমেয়েদের মধ্যে সম্মানবোধ, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা এবং নারীর প্রতি মর্যাদাবোধ গড়ে তুলতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই দেশের ভবিষ্যৎকে নিরাপদ করার মূল ভিত্তি।
সবশেষে তিনি বলেন, “আসুন, পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হই।”
রিপোর্টার্স২৪/ঝুম