স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানিয়েছে, সফরে তিনি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং ময়মনসিংহ অঞ্চলের বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।
সূত্র জানায়, আজ সকাল ৯টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ত্রিশালের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি ত্রিশালে পৌঁছানোর কথা রয়েছে।
দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি নেবেন।
বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ময়মনসিংহ মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হবে তাঁর দিনব্যাপী ময়মনসিংহ সফর।
উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর করেন। ওই সফরে তিনি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
রিপোর্টার্স২৪/বাবি