ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানি নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে নওদার বিধায়ক ও মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্য বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, “ভারতে থাকতে হলে দেশের নিয়ম মেনেই চলতে হবে। তা না হলে অন্য কোনো মুসলিম দেশে চলে যেতে পারেন হুমায়ুন কবীর।”
রাজনৈতিক মহলের দাবি, সম্প্রতি আদালতের অনুমোদন সাপেক্ষে প্রকাশ্যে পশুবলি ও কুরবানি সংক্রান্ত বিধিনিষেধ জারির পর থেকেই রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এ ইস্যু আরও বিতর্কের জন্ম দিয়েছে।
হুমায়ুন কবীর এর আগে দাবি করেন, রাজ্যের একটি বড় অংশ মুসলিম জনগোষ্ঠী গরুর মাংস গ্রহণ করেন এবং কুরবানি ধর্মীয় রীতির অংশ হওয়ায় তা প্রশাসনিক নির্দেশে বন্ধ করা যায় না। তার এই মন্তব্যের পরই অগ্নিমিত্রা পাল পাল্টা প্রতিক্রিয়া দেন।
তার বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/ ঝুম