| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যা

ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৩:৩৪:০৯:অপরাহ্ন  |  ৯৪৩৮৫ বার পঠিত
ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট

স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। মামলায় গুরুত্বপূর্ণ ডিএনএ রিপোর্ট শনিবার (২৩ মে) পাওয়ার পরই আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলেই চার্জশিট দাখিলের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, রোববারের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে।

এর আগে গত বুধবার (২০ মে) মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার বিবরণ স্বীকার করেন বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর সেকশন–১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পর প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করা হয়েছে।

এদিকে তদন্ত দ্রুত শেষ হওয়ায় মামলাটিতে স্বল্প সময়ের মধ্যেই চার্জশিট দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪