স্টাফ রিপোর্টার: দেশে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে আগাম ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় সার্কুলারও জারি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় কোনো ডাক্তার বা নার্সের ছুটি হবে না। তাদের দায়িত্বে থাকতে হবে। আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি।”
হাম পরিস্থিতি ও সংক্রমণ ঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও শতভাগ সুরক্ষা নিশ্চিত হয় না। তবে টিকাদান সংক্রমণের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। তিনি বলেন, “ভ্যাকসিন নিলেই যে ১০০ পার্সেন্ট বাচ্চা হাম হবে না, তা বলা যায় না।”
তিনি আরও বলেন, সংক্রামক রোগের ক্ষেত্রে ব্যক্তিগত রোগ প্রতিরোধ ক্ষমতা, পরিবেশ এবং খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে তিনি জানান, কিছু ক্ষেত্রে রোগের পুনরাবির্ভাবও দেখা দিতে পারে।
ঈদকে সামনে রেখে জনসমাগম ও ভ্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের সময় বাস-ট্রেন যাত্রা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে ভিড়ের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে আক্রান্ত শিশুদের যদি যথাযথভাবে আলাদা না রাখা হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামে আক্রান্ত শিশুদের ভিড়পূর্ণ স্থানে বা আত্মীয়দের বাড়িতে নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে শিশুদের পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা সংস্পর্শ এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দ্রুত ছড়ায়। তাই ব্যক্তিগত সতর্কতা ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি।
রিপোর্টার্স২৪/ ঝুম