স্টাফ রিপোর্টার: মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান অনুমোদনের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।
অভিযোগে জানা যায়, সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী কর্মী মো. কাইয়ুমের পরিবারের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করতে শফি উদ্দিন ও পলাশ চন্দ্র রায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নেন। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম ঋণ দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ করেন।
এ ঘটনায় নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সাজ্জাদ হোসাইন ও ভুক্তভোগী পরিবার ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালককে সঙ্গে নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, কর্মচারীদের এমন আচরণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তা শৃঙ্খলাভঙ্গের শামিল। শনিবার (২৩ মে) থেকে তাদের সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, “রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ও তাদের পরিবারের সেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।” তিনি এ ধরনের অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সতর্ক করেন।
রিপোর্টার্স২৪/বাবি