| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন খুরশীদ আলম

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০০:৩০:১৩:পূর্বাহ্ন  |  ২১৫ বার পঠিত
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন খুরশীদ আলম

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে পদত্যাগ করা মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এর আগে একই দিন বিকেলে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর ও চার ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তারা। ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট চাপের মুখে একপর্যায়ে ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ও কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেন।

নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও অস্থিরতা দেখা দিয়েছে। এরই মধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। চলতি মাসের ৩১ মে পর্যন্ত তার এ ছুটি বহাল রয়েছে। ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার পদত্যাগের বিষয়টিও আলোচনায় ছিল। তবে সন্ধ্যায় যোগাযোগ করা হলে ওমর ফারুক খান বলেন, আমি পদত্যাগ করি নাই। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে ব্যাংকের পুরোনো দখলদার ও অভিযুক্ত লুটপাটকারীরা যেন পুনরায় প্রভাব বিস্তার করতে না পারে, সে দাবিতে গ্রাহকদের একটি অংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে। চলমান উত্তেজনার মুখে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরিচালনা পর্ষদের নির্ধারিত সভাও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

এর আগে ২০২৪ সালের আগস্টের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করা হয়। পরে বিভিন্ন অভিযোগের পর তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে গত বছরের ১৭ জুলাই তিনি পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪