| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০০:৪৮:৪১:পূর্বাহ্ন  |  ৯০ বার পঠিত
ঈদযাত্রায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রা ও পশুর হাটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা গণবিজ্ঞপ্তিতে ২৫, ২৬ ও ২৭ মে ঢাকার বাইরে যাতায়াতকারী যানবাহনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর ছেড়ে নিজ নিজ গন্তব্যে যাত্রা করবেন। একই সময়ে কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানবাহনের চাপও বাড়বে। এ পরিস্থিতিতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রাফিক বিভাগ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে।

ডিএমপি জানিয়েছে, রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবে না। আন্তজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যে রওনা দিতে হবে। সড়কের ওপর বাস থামানো বা অনুমোদিত কাউন্টার ছাড়া যাত্রী ওঠানো-নামানো নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগরে প্রবেশ ও বের হওয়ার সড়কে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি সড়কে নামানো যাবে না।

আবাসিক ও দূরপাল্লার যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ পর্যন্ত সড়কে ২৫, ২৬ ও ২৭ মে শুধু ঢাকা থেকে বের হওয়ার জন্য একমুখী চলাচল থাকবে। ঢাকা অভিমুখী যানবাহনগুলোকে আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী বা অন্য এলাকায় প্রবেশ করতে হবে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী লেনেও ওই তিন দিন শুধু ঢাকা থেকে বের হওয়ার জন্য একমুখী ডাইভারশন থাকবে। এ সময় ঢাকামুখী লেনে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া ঢাকা শহরে যানজট কমাতে বিআরটিসির ডিপোর বাসগুলো যেন শহর অতিক্রম না করে, সে ব্যবস্থাও নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। উদাহরণ হিসেবে গাবতলী ও কল্যাণপুর ডিপোর বাস রাজশাহী ও রংপুর বিভাগে এবং মতিঝিল ও ফুলবাড়িয়া ডিপোর বাস চট্টগ্রাম ও সিলেট বিভাগে চলাচলের কথা বলা হয়েছে।

ঈদযাত্রার সময় জরুরি প্রয়োজন ছাড়া ২৫, ২৬ ও ২৭ মে কয়েকটি সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি। এর মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মিরপুর রোড, ঢাকা-কেরানীগঞ্জ সড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক, মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক।

ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে বলেছে, এতে যাত্রী চলাচল, পশুর হাটকেন্দ্রিক যানবাহন ও নগরীর সার্বিক শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪