স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সোমবার (২৫ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। একইসঙ্গে রাষ্ট্রপতি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তা দেবেন।
সংবর্ধনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিরা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা, উপদেষ্টাগণ, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রাখা হয়েছে। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।
রিপোর্টার্স২৪/বাবি